জাতীয়

সুদানে আহত শান্তিরক্ষীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ

ঢাকা, ১৪ ডিসেম্বর – সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আটজন আহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নৃশংস আখ্যা দিয়ে নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করছে সরকার ও দেশের জনগণ। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে সরকার কাজ করছে বলেও জানানো হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language