জাতীয়

‘জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে’ : শাজাহান খান

মাদারীপুর, ১০ ফেব্রুয়ারি – জামুকার সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যায় মদদদাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধে স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আইনগত বিষয় দেখার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য শাজাহান খান এমপি এসব কথা বলেন।

আরও পড়ুন : জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গতকাল মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয় বলে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য জানান।

শাজাহান খান আরও বলেন, খেতাব বাতিলের ব্যপারে তিন সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শাজাহান খান, উপাধ্যক্ষ আ. শহীদ। এই কমিটি আইনগত বিষয়সহ আইন মন্ত্রণালয়ে মিটিংসহ বিভিন্ন প্রস্তাবনা প্রস্তুত করবে। এই কমিটি শিগগিরই বসে আইনগত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তাবনা দেব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানা যায়, সরকারের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার গেজেট অনুসারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর উত্তম, শরিফুল হক ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীর বিক্রম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান বীর প্রতীক ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকায় ছিল খন্দকার মোশতাকের নাম।

এদের মধ্যে শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

সূত্র : আরটিভি
এন এইচ, ১০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language