জাতীয়

এন্ডোস্কোপির মাধ্যমে বেগম খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে

ঢাকা, ০৫ ডিসেম্বর – প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

চিকিৎসক ডা. আল মামুন জানান, শুক্রবার বিকেল ৪ টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার (৬ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

এদিকে, এদিন বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language