ক্রিকেট

মুশফিককে দলে নিতে কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিল রাজশাহী

ঢাকা, ০২ ডিসেম্বর – বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানত বলে জানালেন কোচ হান্নান সরকার।

অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’

পরে মুশফিককে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’

হান্নান আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’

শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language