ক্রিকেট

সাফল্যের কৃতিত্ব একা নিতে নারাজ মেহেদী, ভাগ করে নিলেন সবার মাঝে

ঢাকা, ৩০ নভেম্বর – আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। যেখানে বল হাতে দুর্দান্ত করেছেন শেখ মেহেদী হাসান। গত কালকের (শনিবার) একাদশে ফিরেই ৪ ওভারে ২৫ রান খরচায় তিনি ৩ উইকেট তুলে নেন।

শুরুটা অবশ্য ভালো ছিল না এই অফস্পিন অলরাউন্ডারের। সেটি স্বীকার করে নিয়ে ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেন, ‘পাওয়ার প্লেতে দুইজন ডানহাতি ব্যাটার আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং। যেহেতু ওরা রুম (জায়গা নিয়ে) করে খেলতেছিল বা আমার মাইন্ড নিয়েই খেলছিল তারা।’

সেখান থেকে আবার কামব্যাক করে ইকোনমি ও উইকেট মিলিয়ে দারুণ বোলিং ফিগার পেয়েছেন তিনি, ‘যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে, তখন একটু ভালো পরিকল্পনা করা যায়। আমি ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করছি যে আমার শক্তি যা ছিল ওটার উপরেই (প্রয়োগ) গেছি। দিনশেষে ভালো জায়গায় বল করছি।’

তবে ১০.৩ ওভারেই ১০০ রান তুলে নেওয়া আইরিশদের ১৭০ রানে আটকে দেয় স্বাগতিক বোলারা। এজন্য নিজে একা কৃতিত্ব না নিয়ে সবার মাঝেই ভাগ করে নিলেন শেখ মেহেদী, ‘মিডল ওভারে ভালো বল করাতে ওদের ২০-৩০ রান কম হয়েছে। মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ ছিল। পাওয়ারপ্লের সুযোগ ওরা যেভাবে কাজে লাগিয়েছে, যা যেকোনো দলের জন্য শুধু ভালো শুরু বলব না, দুর্দান্ত বলা যায় এটাকে। কারণ ছয় ওভারে প্রায় ৮০ রানের (মূলত ৭৫ রান) মতো ছিল। সেখান থেকে প্রত্যাবর্তন করার কৃতিত্ব আমার একার না, বোলাররা সবাই ভালো বল করছে।’

প্রসঙ্গত, নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান তোলে। শেখ মেহেদী ৩ এবং তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে লক্ষ্য তাড়ায় ২ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৫৭ এবং পারভেজ হোসেন ইমন ৪৩ রান করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language