জাতীয়

সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিলো দুদক

ঢাকা, ২৬ নভেম্বর – অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে পৃথক দুই মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছে। শিগগিরই সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন গ্রহণযোগ্য আয়ের বাইরে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলনের অস্বাভাবিক লেনদেনও শনাক্ত করা হয়েছে। যে অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী মোনালিসা ইসলামের নামে ৯৪ লাখ ৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে অনুমোদিত দ্বিতীয় মামলায়। যেখানে মোনালিসার পাশাপাশি স্বামী ফরহাদ হোসনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দুটি পৃথক মামলা অনুমোদন করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language