‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

ঢাকা, ১১ নভেম্বর – রাজধানীতে স্কোপোলামিন জাতীয় মাদকদ্রব্য ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে স্বর্ণালংকার ও অর্থ লুট করে আসা সংঘবদ্ধ চক্রের মূল হোতা মোসা. তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।
রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে চক্রের মূল হোতা তানিয়ার পরিচয় হয়। কৌশলে নাসিমার বাসায় ঢুকে কথোপকথনের এক পর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় রাসায়নিক ‘শয়তানের নিঃশ্বাস’ নাসিমার নাকের সামনে ধরে তাকে বেহুঁশ করে ফেলে। এরপর তার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রূপনগর থানায় মামলা করা হলে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তানিয়ার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, বিক্রিত স্বর্ণের নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেট কার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশন গহনা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তানিয়া দীর্ঘদিন ধরে প্রবাসী পরিবারগুলোকে লক্ষ করতেন এবং নিজেকে প্রবাসী বা প্রবাসীর আত্মীয় পরিচয়ে তাদের বাসায় প্রবেশ করতেন। কথার ফাঁকে স্কোপোলামিন ব্যবহার করে বাসার মালামাল হাতিয়ে নিতেন।
গ্রেপ্তার তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫









