জাতীয়

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ১১ নভেম্বর – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা-বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়।’ আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ।

সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই।’

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই।’

আপনি ও আমি দিন শেষে ভোক্তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই আমি এবং আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করব।

দেশের মানুষের যেটা প্রয়োজন আমি সেটা করব। সে কাজে আপনারা (ডিও ব্যবসায়ীরা) সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের তথা আমাদের পাশে থাকবেন, সে প্রত্যাশা করি। বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে। সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে, সেটা দেখব না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘প্রচলিত রীতিতে পণ্যের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। এ কারণে এসব অভিযান খুব সফল হয় না। যেকোনো পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাইকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে।’

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language