জাতীয়

বন্ধু, একটা সিটের বিনিময়ে তোমার স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না

ঢাকা, ১১ নভেম্বর – যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এতে আসিফকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি দেন পাটোয়ারী।

স্ট্যাটাসে তিনি লিখেন-‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’

এদিকে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাসটি স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এর বিশ্লেষণ করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ।

বিশ্লেষণে তিনি লিখেন, এই পোস্টটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে নিয়ে করা এতে কোনো সন্দেহ নাই। একজন বিপ্লবীকে তার সংগ্রাম ও গন্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য এরচেয়ে ছোট এবং অর্থবহুল ম্যাসেজ আর হয় না। আসিফ ভাই সম্প্রতি দুইটা ঘটনা ঘটিয়েছেন। ১. এনসিপিকে নিজের গুরুত্ব বোঝাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি অ্যাক্টিভ করিয়েছেন। ২. সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যেই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে নাই। এতে বোঝা যায় বিএনপির সাথে আসিফ ভাইয়ের সমঝোতার প্রসেস চলমান। হয়তো একটা সিট, হয়তো একটা মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদ যদি বিক্রি হয়ে যান সেটা হবে তার নিজের এবং দেশের ক্ষতি।

‘লংমার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের পরিক্ষিত সেনানী। যখন তিনি ছোট ছিলেন তখনই তুমুল ফর্মে থাকা ছাত্রলীগের হাতে মাইর খেয়েও আপোষ করেননি। আসিফ মাহমুদের আপোষহীন মনোভাব বিএনপির সাথে তার সম্পর্ক বেশিদিন টেকার কথা না। এই সম্পর্ক টেকাতে গেলে আসিফের স্বকীয়তা পরিহার করতে হবে। তাছাড়া, বিএনপি চাপমুক্ত হয়ে গেলে আসিফকে ছুড়ে ফেলতে দুইবার ভাববে না। একবার লোনা জলে অভ্যস্ত হয়ে গেলে মিঠা জলে ফেরা কঠিন হয়ে যাবে। আসিফ মাহমুদের এই সমঝোতা হবে তার এক প্রকার মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যু থেকে কি আসিফ মাহমুদ মৃত্যুকেই বেছে নেবেন? আসিফ ভাই, আপনার লাল টুকটুকে স্বপ্ন বেঁইচেন না।’

উল্লেখ্য, গত রোববার ঢাকার-১০ আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন উপদেষ্টা আসিফ। গুঞ্জন রয়েছে তিনি এ আসনে নির্বাচন করতে চান। এই আসনে বিএনপি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এতদিন আলোচনা ছিল কুমিল্লা-৩ আসনে নির্বাচন করতে চান আসিফ। এই আসনে বিএনপি’র প্রার্থী করা হয়েছে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language