ক্রিকেট

জাহানারাকে সমর্থন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি কোয়াবের

ঢাকা, ০৭ নভেম্বর – বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম একটি বিস্ফোরক দাবি তুলেছেন। নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ নারী ক্রিকেটের দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ গুরুতর কিছু অভিযোগ করেছেন তিনি। জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।

নারী দলের দায়িত্বে থাকা মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন জাহানারা। তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে সংগঠনটি। একইসঙ্গে তার দেওয়া গুরুতর অভিযোগ উপেক্ষা করার অযোগ্য উল্লেখ করে দ্রুততম সময়ে খতিয়ে দেখার আহবান জানিয়েছে।

কোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্না ভেজা চোখে তিনি হৃদয়ের ক্ষত তুলে ধরেছেন। তা আমাদের পুরো ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।’

‘জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ এবং কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবি কর্তৃপক্ষ যাদের দিকে দায়িত্বহীন অবহেলার অভিযোগ তুলেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি আমরা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।’

একইভাবে স্থানীয় ও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার বিষয়ে তদন্ত ও সতর্ক থাকার আহবান কোয়াবের, ‘পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়েও এই ধরনের ঘটনাও যেন গোপনীয়ভাবে খতিয়ে দেখা হয় তার দাবি জানাচ্ছি। জাহানারার প্রতি স্রেফ সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং যেকোনো ধরনের সহায়তা আমরা করব।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language