দক্ষিণ এশিয়া

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এসপিসহ নিহত ৩

ইসলামাবাদ, ২৪ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না।

তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়।

এরআগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক বিভাগে টিটিপির সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এই অভিযানে ৮ ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। এরআগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language