জাতীয়

দায়িত্ব এড়িয়ে যাওয়া উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া কোনো ‘সেফ এক্সিট’ নেই

নওগাঁ, ০৭ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এবং কেবল নির্বাচনের মধ্য দিয়ে ‘এক্সিট’ নেওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয়ে জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এত শহীদের রক্তের বিনিময়ে গড়া এই দায়িত্ব পালনে যদি কেউ ভয় করেন, তাহলে তাদের এই দায়িত্বে থাকার প্রয়োজন নেই। যারা এই মানসিকতা পোষণ করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।”

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। তবে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করলে তা স্বেচ্ছাচারিতা বা কোনো গোষ্ঠীর প্রভাব নির্দেশ করে।’

জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কারও সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় নেতারা আলোচনা করছেন। পাশাপাশি, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের সব জেলা, উপজেলা এবং ইউনিট পর্যায়ে কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।’

রাজনৈতিক বাস্তবতা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সৎ ও ভালো মানুষরা চাইলে কার্যকর রাজনৈতিক দল গঠন করতে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো সংস্করণ বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক নয়। এনসিপি এই অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে।”

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language