জাতীয়

ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – কিংবদন্তি লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, ‘তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।’

শোকবার্তায় ফারুকী আরও উল্লেখ করেন, লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, বরং আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় উপস্থাপন করেছে। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language