অপরাধ

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মোহাম্মদপুর সেনা ক্যাম্পে অভিযোগ আসে স্মার্ট হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় করতেন। আদায়কৃত অর্থ তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক। সময়মতো টাকা না দেওয়ায় হাসানের সহযোগীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধর করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঘটনার পর থেকেই স্মার্ট হাসান আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসার পর থেকেই অভিযান চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাসানের বিরুদ্ধে পূর্বে সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন অভিযোগ করা ভুক্তভোগীরা তার গ্রেপ্তারের খবর শুনে শেরে বাংলা নগর থানায় মামলা করতে গেছেন।

অভিযুক্তের গডফাদার জাহিদ মোড়লকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language