পাবনা

বিস্ফোরক মামলায় পাবনা জেলা আ.লীগের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনা, ০৭ সেপ্টেম্বর – পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গুড়া পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন।

বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একাধিকবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চলতি বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে। সেই বিস্ফোরক ও নাশকতা মামলার ভিত্তিতেই আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language