গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় একদিনেই প্রাণ হারালেন ৬৯ ফিলিস্তিনি

জেরুজালেম, ০৬ সেপ্টেম্বর – অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৬৯ জন ফিলিস্তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামলায় আহত হয়েছেন আরও ৪২২ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন তিনজন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৪ হাজার ৩০০ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
মন্ত্রণালয় জানায়, এখনও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যেগুলো উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম ও ক্রমাগত বোমাবর্ষণের কারণে তুলতে পারছেন না। এতে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এতে গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জনে, আহত হয়েছেন ১৭ হাজার ৪০০ জনের বেশি।
মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গাজার সীমান্তগুলো ২ মার্চ থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় প্রায় ২৪ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন। জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়নে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং এ মাসের শেষ নাগাদ তা দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল গত ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে। তখন থেকে তারা আরও ১১ হাজার ৭৬৮ জনকে হত্যা করেছে এবং প্রায় ৫০ হাজার মানুষকে আহত করেছে।
গাজায় সংঘটিত এ নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।
আন্তর্জাতিক মহলের নানা প্রচেষ্টা সত্ত্বেও গাজায় রক্তপাত বন্ধ না হওয়ায় বিশ্বব্যাপী নিন্দা ও ক্ষোভ বাড়ছে। তবে ফিলিস্তিনি জনগণ এখনও অবরুদ্ধ ও বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে প্রতিদিন নতুন নতুন প্রাণহানি বয়ে বেড়াচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৬ সেপ্টেম্বর ২০২৫









