ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ঝিনাইদহ, ৩১ আগস্ট – অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়। হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু।

রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬১/১-এস এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির কাছে তাদের হস্তান্তর করা হয়।

অন্যদিকে, রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। পরে বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৩১-আর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাঘাডাঙ্গা বিওপির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদেরকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সেন্টারে পাঠানো হবে। আটক পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language