জাতীয়

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

ঢাকা, ১৮ আগস্ট – ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার.(১৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের গাজা সিটি দখলের ন্যাক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দখলদার ইসরায়েল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজা দখলের দিকে এগুচ্ছে। ইতোমধ্যে গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলিরা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। গাজার সবকিছু আজ কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরায়েল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি বলেন, ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের এ নীলনকশা ইসরাইলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি।

গোলাম পরওয়ার বলেন, গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ, শান্তিকামী রাষ্ট্রসমূহ এবং সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language