পিরোজপুর

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, পুলিশ সদস্য প্রত্যাহার

পিরোজপুর, ১৭ জুলাই – জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।’

ওসি রবিউল ইসলাম বলেন, ‘পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language