এশিয়া

মিয়ানমারে সেনাপণ্য বয়কটের ডাক

নেপিডো, ০৫ ফেব্রুয়ারি – মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেনা সংশ্লিষ্ট পণ্য এবং সেবা বয়কটের ডাক দিয়েছেন নাগরিকরা।

মিয়ানমারের সংবাদমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের জনগণ সামরিক বাহিনীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে ‘সেনাপণ্য বর্জন করুন’ নামে প্রচারাভিযান শুরু করেছেন।

এদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরাও। সেখানকার প্রধান শহরগুলোয় সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা স্থানীয় সময় বুধবার থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। সেনাশাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন একজন চিকিৎসক। কিছু চিকিৎসাকর্মী নীরব প্রতিবাদ জানাতে বিশেষ প্রতীক ব্যবহার করছেন।

আরও পড়ুন : মিয়ানমারে ফেইসবুক বন্ধ করে দিল সেনাবাহিনী

মিয়ানমারের সেনাবাহিনী খাদ্য ও পানীয় পণ্য, বিনোদন শিল্প, ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, আর্থিক উদ্যোগ, হাসপাতাল, তেল কোম্পানি এবং পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত। ইতোমধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটি সশস্ত্র বাহিনী সম্পর্কিত যে কোনো কাজের অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

সেনাবাহিনীর হাতে আটকের পর থেকে সু চিকে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও পাওয়া যায়নি।

তবে এনএলডির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। ইতোমধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ফেসবুক বন্ধ করে দিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারে ফেসবুক পরিষেবা বন্ধ থাকবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language