দক্ষিণ এশিয়া

ভারতে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

নয়াদিল্লি, ১১ জুলাই – ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে নিজ বাড়িতে বাবার গুলিতে প্রাণ হারালেন রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫)। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সুশান্ত লোক-টু এলাকার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরগাঁও পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা দীপক যাদব (৫৪) তার লাইসেন্সধারী রিভলভার থেকে একাধিক গুলি ছোড়েন, যার তিনটি রাধিকার শরীরের পেছনদিকে লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই উদীয়মান খেলোয়াড়ের। তবে অটোপসি রিপোর্ট বলছে, রাধিকাকে চারবার গুলি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাধিকা একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন, যা নিয়ে তার বাবার আপত্তি ছিল। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশের এক মুখপাত্র জানান, তিনি বারবার মেয়েকে একাডেমি বন্ধ করতে বলেন। কিন্তু রাধিকা তা মানেননি। শেষ পর্যন্ত দীপক আর সহ্য করতে না পেরে এ নির্মম সিদ্ধান্ত নেন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রতিবেশীরা দীপককে প্রায়ই কটূক্তি করতেন। মেয়ের উপার্জনে সংসার চলে বলে তাকে নানা ধরনের তির্যক মন্তব্য শুনতে হতো। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপক।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর বিনোদ কুমার জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, গুলিবিদ্ধ হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় নিহত রাধিকার চাচা কুলদীপ উপস্থিত থাকলেও, তার মা-বাবা ছিলেন না। পরে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে দীপক যাদবকে গ্রেফতার করে।

বিনোদ কুমার আরও জানান, তিনি তখন পুলিশের কাছে স্বীকার করেন, আমি আমার মেয়েকে গুলি করেছি। এ ঘটনায় রাধিকার চাচা কুলদীপ যাদব থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে ও দীপককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব), সেক্টর-৫৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল), ক্রাইম সিন ও ফিঙ্গারপ্রিন্ট ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও পুরো বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

রাধিকা যাদব ২০০০ সালের ২৩ মার্চ হরিয়ানায় জন্মগ্রহণ করেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) রেকর্ড অনুযায়ী, তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গার্লস আন্ডার-১৮ বিভাগে তার সেরা র‌্যাংক ছিল ৭৫, উইমেন্স ডাবলসে ৫৩ ও উইমেন্স সিঙ্গলসে ৩৫। এছাড়া ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) সার্কিটেও তার র‌্যাংক ছিল ১১৩।

অল্প বয়সেই ক্রীড়া অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছিলেন রাধিকা। কিন্তু বাবার গুলিতে থেমে গেল সেই সম্ভাবনাময় জীবন। ভারতের ক্রীড়াঙ্গনে এই ঘটনাটি গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language