জাতীয়

দুইদিনের রিমান্ডে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন

ঢাকা, ৩০ জুন – দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনের ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশ। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র জামিন আবেদন না-মঞ্জুর করে তার ৪৮ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের ১৪ থেকে ১৫ জন দুষ্কৃতিকারী শেরেবাংলা নগর থানা এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ৩০ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language