ইউরোপ

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

মস্কো, ১৯ জুন – ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে ভালো চোখে দেখছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে।’

রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা বলেছেন দিমিত্রি পেসকভ।

ইরানে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁরা এই পদক্ষেপকে উসকানিমূলক বলেও উল্লেখ করেছে। বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, ‘এটি নাটকীয়ভাবে পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমন প্রেক্ষাপট ইসরায়েল-ইরান সংকট নিয়ে মস্কো এবং ওয়াশিংটনকে সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে।

এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলাদাভাবে দুই পক্ষকে সমর্থন করছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার কথা ভাবলেও, মস্কো তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে।

চলতি বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহের কথা জানিয়েছে দুই দেশ। ইরান মস্কোকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৯ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language