অপরাধ

ধূমপান করা দেখে ফেলায় শিশু লামিয়াকে হত্যা করে মাদরাসাছাত্র!

সিরাজগঞ্জ, ০৫ জুন – সিরাজগঞ্জের শাহজাদপুরে মাত্র ৬ বছরের শিশু হুজাইফা ইসলাম লামিয়া খাতুনকে নৃশংসভাবে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকারী কিশোর মো. আরাফাত হোসেনকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি জানান, গত ৩ জুন বিকাল ৩টার দিকে লামিয়াকে খুঁজে না পেয়ে তার মামা মো. খোকন শাহজাদপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তে নামে পুলিশ এবং সেদিনই স্থানীয় রুপার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে।

পরদিন (৪ জুন) শিশুটির বাবা মো. নাজিম সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪/২৫)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(২) ধারা ও দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় রুজু করা হয়। এ মামলায় শাহজাদপুর থানা পুলিশের একটি টিম ৪ জুন ভোরে অভিযান চালিয়ে মূল ঘাতক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আরাফাত স্বীকার করেছে যে, ৩ জুন দুপুরে সে রুপার পরিত্যক্ত বাড়িতে বিড়ি খাচ্ছিল। সেই সময় জামরুল কুড়াতে আসা লামিয়া তাকে বিড়ি খেতে দেখে ফেলে। পরে সে আরাফাতের বাবাকে বিষয়টি জানিয়ে দেবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত প্রথমে লামিয়াকে শ্বাসরোধ করে অচেতন করে, এরপর ধর্ষণের চেষ্টা করে। পরে মুখ ও হাত বেঁধে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়। গ্রেপ্তারকৃত কিশোর আরাফাত বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ভিকটিম লামিয়ার চাচাতো ভাই।

পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৫ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language