জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার

ঢাকা, ০৩ জুন – জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সুশাসন, আইনের শাসন ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স–২০২৫’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “সরকার এমন একটি আইন কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের জীবন বিপন্ন করতে না পারে। মামলার জটের কারণে মানুষ যেন সর্বস্বান্ত না হয়, ব্যক্তিস্বাধীনতা যেন অক্ষুণ্ন থাকে এবং সবাই একটি নির্ধারিত আইনি কাঠামোর আওতায় থাকে—এই লক্ষ্যেই সংস্কার চলছে।”
তিনি জানান, বিভিন্ন কমিশনের মাধ্যমে প্রাপ্ত সংস্কার প্রস্তাবের মধ্যে শতাধিক আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চিহ্নিত করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “আগামী আগস্টের মধ্যেই এসব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।”
আইন উপদেষ্টা আরও বলেন,“সরকার ইতোমধ্যে সিপিসি, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, পাওয়ার অব অ্যাটর্নি আইন ইত্যাদি সংশোধন করেছে। শিগগিরই জুডিশিয়াল সার্ভিস নিয়োগ বিধিমালা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনও সংশোধন করা হবে। গুম প্রতিরোধ আইন নিয়েও দুই দফা মতবিনিময় সভা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।”
তিনি জানান, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। তবে সংবিধান সংশোধনের মতো বড় সংস্কারগুলো জুলাই চার্টার বাস্তবায়নের পর শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, “আজকের সমাজে যে সংস্কারের চাপ তৈরি হয়েছে, তার তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় ও কাঠামো যথেষ্ট নয়। এজন্য সরকারকে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। তবে সরকার কোনো রাজনৈতিক ঐকমত্যকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তনের পথে হাঁটবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট এসএম শাহজাহান প্রমুখ। তারা খসড়া অধ্যাদেশের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে মতামত তুলে ধরেন।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৩ জুন ২০২৫









