কানাডা

টরন্টোয় বুদ্ধ পূর্ণিমার অনুপম আয়োজন

টরন্টো, ০১ জুন – গতকাল (৩১শে মে ২০২৫) ছিল টরন্টোয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের। প্রজ্ঞা, করুণা ও শুভবোধের পবিত্র দিনটিকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠানটি শুধুমাত্র ধর্মীয় আচারের নয়, বরং সাংস্কৃতিক ঐক্যেরও এক মহোৎসব।

বিগত কয়েক বছর ধরে এই মহতী আয়োজনে নেতৃত্ব দিয়ে আসছেন বিশিষ্ট ফার্মাসিস্ট ও কমিউনিটির শ্রদ্ধাভাজন কানন বড়ুয়া। তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা এবারের আয়োজনেও ছিল প্রশংসনীয় এবং হৃদয়ছোঁয়া।

চার পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনার মাধ্যমে। মনট্রিয়ল থেকে আগত ভান্তে প্রজ্ঞাশ্রীর গম্ভীর ও শান্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণে সারা মিলনায়তন জুড়ে ছড়িয়ে পড়ে নীরবতা, শুদ্ধতা ও এক অপার্থিব প্রশান্তি।

এরপর শুভেচ্ছা বক্তব্যে আয়োজক কানন বড়ুয়া সকলকে স্বাগত জানান ও ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক সংসদ সদস্য (এমপিপি) ডলি বেগম। তিনি প্রার্থনার পরিমিত সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করে বলেন, “বুদ্ধের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক—সহমর্মিতা, সহনশীলতা ও জ্ঞানের আলোই আমাদের পথ দেখাবে।”

তৃতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় জনপ্রিয় শিল্পীরা একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরেন বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। হলভর্তি দর্শক নিবিষ্ট মনে উপভোগ করেন পুরো পরিবেশনা।

সবশেষে ছিল ভোজনপর্ব। আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয় সুস্বাদু খাবার ও মিষ্টান্ন।

আজকের এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, ছিল সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনয়ের অনুরণন। বুদ্ধের বাণীর আলোয় আলোকিত এই সন্ধ্যা হয়ে রইল শান্তি, সভ্যতা ও মানবতার এক অনন্য সাক্ষ্য।


Back to top button
🌐 Read in Your Language