ক্রিকেট

এনএসসি কোটায় বুলবুলকে পরিচালক করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৩০ মে – জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল গতকাল বৃহস্পতিবার রাতেই। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বিসিবির পরিচালক পদে মনোনীত করা হয়েছে।

এনএসসির পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক মো: আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।’ বিসিবির আজকের বোর্ডসভায়ই সভাপতি করা হতে পারে তাকে।

গতকাল বৃহস্পতিবার রাতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলরের চিঠি দেয় এনএসসি। পরে তার কাউন্সিলরশিপ অনুমোদন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকেরা।

বিসিবি সভাপতির পদ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ফারুক আহমেদের জায়গায় বসতে যাচ্ছেন আমিনুল। যদিও দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকার ইচ্ছা নেই আমিনুলের। আগামী অক্টোবরে হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। তাই সভাপতি হলে তার মেয়াদ হবে ৪ মাস।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language