সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ, ২৮ মে – সিরাজগঞ্জের কামারখন্দে মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুটিরচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার ওরফে সোয়েব (১৮)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনজনই এসিআই ফুড মিলে কর্মরত ছিলেন। ডিউটি শেষে মিল থেকে বেরিয়ে তারা মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারের পথে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

নিহত মোটরসাইকেল চালক মো. কাওসার আহমেদের ফুফাতো ভাই মো. জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমার ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিনজন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language