জাতীয়

নির্বাচন বিলম্বের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে

ঢাকা, ২৮ মে – অনেকে নির্বাচন বিলম্ব করার জন্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা মনে করেছিলাম, সরকার ওয়াদা দিয়েছিল, অতিদ্রুত মানুষের ভোটাধিকার ফিরে দেবে। কিন্তু ১০ মাসও তারা ভোটাধিকার ফিরিয়ে দেয়নি। অনেকে নির্বাচন বিলম্ব করার জন্য ষড়যন্ত্র করছে।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

মোশাররফ হোসেন বলেন, সংস্কার আমরাও চাই কিন্তু এই সংস্কার একাই করা যাবে না। আমরা চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হোক। এতে ষড়যন্ত্র মোকাবেলা করবে জগণ। দেশ নির্বাচনমুখী হলে ষড়যন্ত্র থেমে যাবে।

তিনি বলেন, আমরা সরকারকে বলেছি, বিএনপি নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় এলে অবশিষ্ট সংস্কার করবে, কথা দিয়েছি।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language