ক্রিকেট

আমাদের বিশ্বাস আছে, আমরা যেকোন দলকে হারাতে পারবো

ঢাকা, ২৭ মে – কাগজে-কলমে পাকিস্তান বাংলাদেশের চেয়ে বড় দল। তবে শক্তির পার্থক্য থাকলেও বাংলাদেশিদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন ভক্তরা। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্য দেখতে চান। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্ব বাংলাদেশ কি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারবে?

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সমর্থকদের অভয়দান ও নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শক্তিশালী প্রতিপক্ষ হলেও পাকিস্তানকে নিয়ে ভাবছেন না তিনি। বরং নিজেদের পারফরম্যান্স উন্নতি করার দিকেই গুরুত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার।

লিটন বলেন, ‘আমাদের বিশ্বাস আছে, যেকোনো দলকে হারাতে পারবো। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা অতীতে কী ভালো করেছি বা খারাপ করেছি, সেগুলো চিন্তা করবো এবং সামনে কীভাবে খেলবো সেভাবে এগোনোর চেষ্টা করবো।’

পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। (বাবর-রিজওয়ান-শাহিনের অনুপস্থিতিতে) তেমন প্রভাব ফেলবে না। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দিন হারাতে পারবো। তাই আমাদের জন্য চ্যালেঞ্জ হলো কীভাবে নিজেদের খেলা উন্নতি করতে পারি। গত কয়েক বছরে আমরা টি-টোয়েন্টিতে ভালো খেলতে পারিনি। তাই আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলার কথা চিন্তা করতে হবে। এরপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে।’

পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ওই হার থেকে শিক্ষা নিয়ে এবার ভালো খেলতে চান লিটন। অর্থাৎ শোককে শক্তিতে পরিণত করতে চান তিনি।

লিটন বলেন, ‘সবশেষ সিরিজে আমরা আপ টু দা মার্ক খেলতে পারিনি। তবে এটি নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, অতীতে আমরা কোথায় খারাপ খেলেছি, কোথায় ভালো করেছি। সেসব নিয়ে চিন্তা করবো এবং মাঠে এপ্লাই করার চেষ্টা করবো। দেখা যাক।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language