সাহিত্য

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

ঢাকা, ২৪ মে – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় ‘নজরুল পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। ২৪ মে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাতে ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নজরুল পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা।

২৫ মে বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠানে নজরুল পুরস্কার দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এ ছাড়া বাংলা একাডেমির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে।

এনএন/ ২৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language