এখন হাসিল ৫ শতাংশ, সামনে কমিয়ে ৪ করার অনুরোধ

ঢাকা, ১৯ মে – কোরবানির গরুর বাজারে হাসিল কমিয়ে ৫ শতাংশ থেকে ৪ শতাংশ করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটি।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, এখন ৫ শতাংশ হাসিল নেওয়া হয়। আগামী বার থেকে কমিয়ে ৪ শতাংশ নেওয়ার জন্য অনুরোধ করেছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। যেহেতু এবার টেন্ডার হয়ে গেছে, এবার আর করার সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, বাল্কহেড ঈদের আগের দিন থেকে ঈদের পরের তিনদিন বন্ধ থাকবে।
তিনি বলেন, গরুর হাটে শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেওয়া হয়েছে। কোন গরুর গাড়ি রাস্তায় গরু নামাবে না, হাটে ঢুকে নামাবে। প্রতিটা হাটে আনসার রাখতে হবে, ৭৫ জনের কমবেশি। পাশাপাশি গরুর চিকিৎসক রাখতে হবে। মানুষের জন্যও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। রাস্তার পাশে কোনো হাট হবে না। গাড়ি রওয়ানা হলে আগে থেকে লিখে রাখবে এটা কোন হাটে যাবে, কেউ জোর করে অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপদেষ্টা বলেন, গার্মেন্টসে মে মাসের মধ্যে বোনাস, ১-৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে, অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৯ মে ২০২৫









