জাতীয়

গার্মেন্টস কর্মীদের বোনাস চলতি মাসেই দিতে হবে, ৩ জুনের আগে বেতন

ঢাকা, ১৯ মে – চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গার্মেন্টস কর্মীদের বোনাস মে মাসের ভেতর দিয়ে দিতে হবে। বেতন ১ থেকে ৩ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেরাউ করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে কোনো বাস, ট্রেন নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা নেওয়ার ক্ষেত্রেও।

উপদেষ্টা বলেন, মানুষের নানা দাবি থাকবেই। আমরা আহ্বান করব সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সে দাবির জন্য দাঁড়ায়। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা না করে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language