চাঁদপুর

চাঁদপুরে ম্যানহোলে গ্যাস বিস্ফোরণ, আহত ৩

চাঁদপুর, ১৮ মে – চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা ছেলেসহ ৫ জন আহত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।

অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দেয়া হয়েছে এবং পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও পৌর কর্তৃপক্ষ জানান, ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিস্কার রয়েছে। কি ভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা টিম এই বিষয়ে কাজ করবে।

তবে ড্রেনে লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ ঘটতে পারে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language