লালমনিরহাট

লালমনিরহাটে হাসপাতালে দুদকের অভিযান

লালমনিরহাট, ১৮ মে- লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ মাছের ৯০ গ্রাম ওজনের টুকরার বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম মাছের টুকরা সরবরাহের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। ওষুধ সরবরাহে অনিয়মের সত্যতাও পেয়েছে।

রবিবার দুপুরে ওই অভিযানের নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।

লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল।

দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযানকালে হাসপাতালের রোগীদের খাবার, স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা উপস্থিত ছিলেন।

এসময় দুদকের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো অনিয়মের প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।

এস এ আর/ ১৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language