মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

ঢাকা, ১৩ মে – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) সোয়া ২টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। প্রথমে তাকে আদালতে হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে নেওয়া হয়।
এ সময় আদালতে আগে থেকে উপস্থিত হওয়া কিছু বিক্ষুব্ধ আইনজীবী মমতাজকে লক্ষ্য করে ‘ফাইট্টা যায়, ফাইট্টা যায়’ স্লোগান দেন। তারা মমতাজের দিকে তেড়ে যান। তবে বিপুল সংখ্যক পুলিশ থাকায় কোন অঘটন ঘটেনি।
মমতাজকে মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে দিয়ে আদালতে নেওয়া হয়। আসা যাওয়ার সময় মাথা নীচু করে ছিলেন মমতাজ।
আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, বিভিন্নজন বিভিন্নভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে তার মধ্যে মমতাজ একজন। সংসদে চলাকালীন প্রতি মিনিটে যেখানে কোটি কোটি টাকা খরচ হয়। সেখানে মমতাজ গিয়ে আইনের কথা তো আর বলতে পারে না, শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য গান গায়।
তিনি মমতাজের ৭ দিন রিমান্ডের প্রার্থনা করেন। অপরদিকে মমতাজের পক্ষে রেজাউল করিম ওকালতনামা দিলেও কোন শুনানি করেননি। বিচারক শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এরপর তাকে মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার নামে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক হত্যা মামলা রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর ১০নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তার মা।
এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯নং এজাহারনামীয় আসামি।
শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন। পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৩ মে ২০২৫









