সংগীত

বিতর্কিত মন্তব্যে এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল সোনুর গান

মুম্বাই, ০৮ মে – ভারতের বেঙ্গালুরু কনসার্টের মাঝে হঠাৎই মেজাজ হারিয়েছিলেন সংগীতশিল্পী সনু নিগম। দর্শকাসনে থাকা এক ব্যক্তির গানের আবেদনের ভঙ্গিকে ‘পহেলগাম হামলা’র সঙ্গে তুলনা করার জন্য কন্নড় ভক্ত এবং চলচ্চিত্র জগতের একাংশের ক্ষোভের মুখেও পড়তে হয় তাকে।

এবার আরও একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন সনু নিগম। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার বিতর্কিত মন্তব্যের কারণে কন্নড় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সনু নিগমের গান।

নির্মাতারা একটি বিবৃতি জানিয়েছেন, আসন্ন কন্নড় সিনেমা ‘কুলাদল্লি কিলিয়াভুডো’ থেকে সনু নিগমের কণ্ঠের গানটিও বাদ দেওয়া হয়েছে।

‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতাদের কথায়, ‘এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে সনু নিগম একজন খুব ভালো গায়ক। সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষাকে অপমান করেছেন, তাতে আমরা সকলেই বিরক্ত। সনু নিগমের এভাবে কন্নড় ভাষার অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। তাই আমরা গানটি ডিলিট করতে বাধ্য হলাম।’

কন্নড় ছবিতে সনু নিগম ‘মানসু হাডতাদে’ গানটি গেয়েছেন, যেখানে সুর করেছেন মনোরাজ এবং গানটি লিখেছেন যোগরাজ ভট্ট। এই গানটি নিয়ে অনেক চর্চাও হয়েছিল। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মাতারা ছবি থেকে গানটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আইএ/ ০৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language