পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে মোকাবিলায় প্রস্তুত ভারত

ইসলামবাদ, ০৭ মে – উত্তেজনা বাড়ানোর ইচ্ছে আমাদের নেই। তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে ‘দৃঢ়ভাবে প্রতিক্রিয়া’ জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।
বুধবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাপকালে অজিত দোভাল একথা বলেন।
তিনি বলেন, ভারতের পদক্ষেপ ছিল পরিমিত, সীমিত ও উত্তেজনাবিহীন। কিন্তু পাকিস্তান যদি উত্তেজনা বাড়ায়, তাহলে ভারত শক্তভাবে জবাব দিতে প্রস্তুত।
দোভাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্যের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরাতের শেখ তাহনুন এবং জাপানের মাসাতাকা ওকানোর সঙ্গে কথা বলেন। এ ছাড়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোভাল বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের স্পষ্ট করে বলেছেন, ভারতের লক্ষ্য শুধু সন্ত্রাসী হুমকি মোকাবিলা করা, কোনোভাবেই সীমান্তে সামরিক উত্তেজনা সৃষ্টি করা নয়। ভবিষ্যতেও এই সংলাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৭ মে ২০২৫









