ক্রিকেট

বিদায়ী ম্যাচে বিসিবি থেকে সম্মাননা পেলেন ডেভিড বুন

ঢাকা, ২৮ এপ্রিল – বাংলাদেশের মাটিতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেভিড বুন। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চট্টগ্রাম টেস্ট শুরুর আগমুহূর্তে আইসিসির এই ম্যাচ রেফারিকে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। এদিন বুনের হাতে টসের পর আইসিসির স্মারক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

এ সময় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা উপস্থিত ছিলেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরাও সম্মাননা জানান। পরে সম্মাননা স্মারক তুলে দেওয়ার সেই ছবি বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে।

প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বুন। এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সালে প্রথমবার ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। এক যুগের বেশি সময় থাকার পর এবার অবসরে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ১০৭টি এবং ১৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বুন। ছিলেন ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এ ছাড়া সেবার ফাইনাল সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language