ক্রিকেট

বৃষ্টিতে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব

সিলেট, ২২ এপ্রিল – জিম্বাবুয়ের ৮২ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টি কারণে তৃতীয় দিনে এখনও মাঠে নামতে পারেনি দুই দল।

মঙ্গলবার (২২ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ১০টায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। কিন্তু এদিনের সকাল থেকে মেঘ জমেছিল সিলেটে আকাশে। বেরসিক বৃষ্টি সিলেট স্টেডিয়ামে হানা দিলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি টাইগাররা।

এর আগে গতকাল মেহেদী হাসান মিরাজের ফাইফারে ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পেয়েছিল রোডেশিয়ানরা। জবাবে দিনের শেষ সময়ে ১৩ ওভার ব্যাট করে ৫৭ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে আউট হতে পারতেন মাহমুদুল হাসান জয়ও। তবে জিম্বাবুয়ের উইকেটরক্ষক বল তুলবদ্ধ করতে ব্যর্থ হন।

জীবন পেয়েই রান তুলতে শুরু করেন জয়, তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারেই ফিফটি তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছে তারা। ৪২ বলে ২৮ রান করে জয় ও ২৬ বলে ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language