ফুটবল

মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা

লিওনেল মেসির কাম্প নউ ছাড়তে চাওয়ার বিপরীতে তাকে ধরে রাখতে বার্সেলোনার অটল অবস্থান-গত গ্রীষ্মের দলবদলে এটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় গল্প। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি লড়াইয়ে জিতলেও আদৌতে তা তাদের বড় ভুল ছিল বলে মনে করেন রিভালদো।

গত অগাস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে এক যুগের মধ্যে প্রথম শিরোপাশূন্য মৌসুম শেষ করে বার্সেলোনা। এর কদিন পর চুক্তির একটি ধারা কার্যকর করে বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে চেয়েছিলেন মেসি। বার্সেলোনার পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নির্দিষ্ট ওই ধারা কার্যকর করার সময় শেষ হয়ে গেছে আগেই। তাই তাকে অবশ্যই চুক্তির মেয়াদ শেষ করতে হবে, নয়তো দিতে হবে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো।

দুই পক্ষের মধ্যে কোনোরকম সমঝোতা না হওয়ায় মেসির সামনে শেষ পর্যন্ত আদালতে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি তিনি, তাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে হোটেলে রাত কাটিয়ে বিপাকে রোনালদো

এখানেই বার্সেলোনা বড় ভুল করেছে বলে মনে করেন রিভালদো। আগে থেকেই ক্লাবটির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। করোনাভাইরাস পরিস্থিতিতে তা আরও নাজুক হয়েছে। এমন অবস্থায় দলের সেরা তারকার ফ্রি ট্রান্সফারে চলে যাওয়া ক্লাবের জন্য ইতিবাচক কিছু নয়।

তাই আলোচনার মাধ্যমে আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেওয়াই দলের জন্য সঠিক সিদ্ধান্ত হতো বলে সম্প্রতি বেটফেয়ারকে বলেন রিভালদো।

“মেসি যখন চুক্তির অধীনে ছিল তখন আগের বোর্ড তাকে বিক্রি না করে ভুল করেছে। রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোর ক্ষেত্রে যা করেছে, বার্সেলোনাও তাই করতে পারত; রিয়াল রোনালদোকে বিক্রি করে ১০ কোটি ইউরো পেয়েছিল।”

“ক্লাব যখন অর্থনৈতিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন এমন একজন তারকার বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে দেখাটা কষ্টকর। আমার মনে হয়, মেসি অবশ্যই চলে যাবে।”

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language