যশোর

যশোরে আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

যশোর, ১৮ এপিল – যশোরের আফিল লেয়ার ফার্মের একটি শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ হাজার মুরগিসহ মেশিনারিজ পুড়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, রূপদিয়া উপজেলার ঘোড়াগাছি এলাকায় তাদের একশ বিঘা জমির ওপর আফিল লেয়ার ফার্ম রয়েছে। সেখানকার ১৭টি শেডের মধ্যে একটি শেডে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।

এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই শেডে ৫০ হাজার মুরগি ছিল। সব মুরগি মারা যাবার পাশাপাশি শেডে অবস্থিত মেশিনারিজ পুড়ে গেছে।

তিনি বলেন, আমাদের এটি ইনভারমেন্ট কন্ট্রোল ফার্ম। আগুনে ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের সবকটি শেড অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তাপ নিয়ন্ত্রণ মেশিনসহ সব মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সদরের রূপদিয়ায় আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, তাদের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন এই ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়ে থাকে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৮ এপিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language