বগুড়া

বগুড়ার আওয়ামী লীগের নেতা বাবা ও ছেলে ঢাকায় গ্রেপ্তার

ঢাকা, ১২ এপ্রিল – বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজের নামে চারটি মামলা রয়েছে।

হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে বগুড়ায় আনা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language