নাটোর

গুরুদাসপুরে চেয়ারম্যান লাবুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নাটোর, ১৩ অক্টোবর- নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শওকত রানা লাবুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সোমবার সন্ধ্যায় থানায় এজাহার দাখিল করেছেন মৃত হাবিবুরের টমটম চালক ছেলে ভুক্তভোগী আনসার আলী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদে রানীগ্রামের আনসারের ছেলে শাহিনকে (২০) কৌশলে ডেকে এনে দুইলাখ টাকা চাঁদা দাবি করেন চেয়ারম্যান লাবু ও তার সহযোগিরা। আনসার আলী অনেক আকুতি মিনতি করে চেয়ারম্যান লাবুকে ৫০ হাজার টাকা দেন। কিন্তু ততক্ষণে বিকেল ৫টায় তার ছেলেকে থানার হেফাজতে নিয়ে আসা হয়। তারপর তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় অধ্যক্ষ্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ইভটিজিং করার দায়ে শাহিনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেল। তিনি বলেন, চেয়ারম্যান ও তার সহযোগিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চেয়ারম্যান লাবু মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আনসার আলীর মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী এসব করাচ্ছেন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আইয়ুব আলী বলেন, এ ঘটনা আমি কিছুই জানিনা। তবে শুনেছি আনসারের ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চেয়ারম্যান লাবু চেষ্টা তদবির চালাচ্ছেন।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language