মিডিয়া

বনশ্রীতে নারী সংবাদকর্মীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে

ঢাকা, ০৪ এপ্রিল – রামপুরা থানা এলাকায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি ও হেনস্থার ঘটনায় গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- সোয়েব রহমান জিসান, মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।

শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

গত বুধবার রাতে রামপুরা এলাকায় ঘটা হেনস্তার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা জন্ম দেয়।

র‌্যাব জানায়, বিষয়টি নজরে আসার পর র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিদের ধরতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩ এর একাধিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে। পরে গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই নারী সাংবাদিক বুধবার (২ এপ্রিল) তার ফেসবুকে এক পোস্টে ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে লিখেন, কিছু ছেলে তাকে টিজ করায় তার ভাই সামনে গিয়ে দাঁড়ান। বখাটেরা তখন তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে।

এরপর তামান্না ভাইকে রক্ষা করতে গেলে বখাটেরা তাকেও মারধর করে এবং শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language