জাতীয়

মিয়ানমারে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা, ০৩ এপ্রিল – মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দেশটির রাজধানী নেপিদোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিংয়ে এ উদ্ধার অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ অভিযানে, মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এছাড়াও, উদ্ধারকারী দলের জন্য খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন। এদিকে, বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে গত ৩০ মার্চ এবং ১ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language