ক্রিকেট

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম ইকবাল

ঢাকা, ২৫ মার্চ – উদ্বেগ-উৎকণ্ঠায় প্রায় দেড়দিন কেটেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। প্রিয় তারকা তামিম ইকবাল যে হার্ট অ্যাটার্কে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে! অবশেষে ভক্তদের দুশ্চিন্তা কমেছে। তামিম নিজেই সেটি কমিয়েছেন।

সংকট কাটিয়ে ফেসবুকে এসে পোস্ট করেছেন তামিম। সেখানে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ছোট জীবনে একে অপরের বিপদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তামিম।

পাঠকদের জন্য তামিমের পোস্টটি তুলে ধরা হলো-

‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

‘আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language