খুলনা

খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনা, ১৬ মার্চ – খুলনার দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, চরমপন্থী নেতা শাহীনুর রহমান ওরফে শাহীনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলনা থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়ে আসার পর মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার মাথায় পর পর দুটি গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

উল্লেখ্য, এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। রনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ নিহত শাহীনের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেনি। তবে খুলনা থানার ওসি বলেন, কোন থানায় কয়টি মামলা শাহীনের বিরুদ্ধে রয়েছে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৬ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language