চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ, ১১ মার্চ – সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই এলাকার হোসেনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় বিএনপির ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। তবে ইফতারের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে এসে আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নিরীহ পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন। এ সময় স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোহাম্মদ আলী নামে একজন গুরুতর আহত হন। এক ঘণ্টা পর তিনি মারা গেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ মার্চ ২০২৫









