নোয়াখালী

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে সাবেক এমপি ও তার ২ ছেলের নামে মামলা

নোয়াখালী, ২৮ ফেব্রুয়ারি – বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনের অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী এবং তার দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিদ্যুৎ বিভাগ। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা উল্লেখ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী বিদ্যুৎ আদালত (যুগ্ম জেলা জজ) ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে অবৈধ সংযোগ ও বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। এতে সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার দুই পুত্র আশিক আলী অমি এবং মাহতাব আলী অদ্রির অবৈধভাবে স্থাপন করা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং মিটার সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিউবো তত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফিরোজ কবির, হাতিয়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমান সহ স্থানীয় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার ছেলেরা ৮-১০ বছর যাবত তার দুইটি বাসা এবং গুদামে ব্যবহারিত মিটারের পাশাপাশি ভিন্ন ভাবে অবৈধ সংযোগের এর মাধ্যমে ফ্রিজ. এসি সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতেন। এমন কি তার এম আলী কর্পোরেশনের ঠিকাদারি মালামাল ঝালাই, রড কাটা, গ্রিল তৈরি সহ সকল লোহার কাজ করতেন। কেউ ভয়ে কিছু বলতে পারতোনা। সরকার পতনের পর তার এসকল অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ জেলায় লিখিত অভিযোগ পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে মোতাবেক অভিযান পরিচালনা করেন।

এ সময় বিদ্যুৎ আইনের ৩২, ৩৩, ৪৪, ৪৭, ৪৮, ৫৪ ধারায় সি আর-৯৮/২৫, ৯৯/২৫, ১০০/২৫ মামলায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭৭৯টাকা। বড় ছেলে আশিক আলী অমি (সাবেক উপজেলা চেয়ারম্যান) এর বিরুদ্ধে ১কোটি ১৩ লাখ ৩০হাজার ৫৬৫ টাকা। ছোট ছেলে মাহতাব আলী অদ্রির বিরুদ্ধে ৪৬ লাখ ৩০৪২ টাকা সহ সর্বমোট ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে। সে সাথে তাদের বিরুদ্ধে সমন জারী করা হয়। অভিযুক্ত তিন জনের নামে ভিন্ন ভিন্ন মিটার ছিল, সঙ্গে তারা ভিন্ন ভিন্ন অবৈধ সংযোগ ও ব্যবহার করেছেন। অভিযানে আরও ৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ১১ জন বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রকৌশলী মো. মসিউর রহমান বলেন, বিগত ৮-১০ বছর যাবত সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার ছেলেরা প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে ব্যবহার করে আসছে। তাদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে দুই কোটি বিরাশি লাখ আট হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে। এতবছর কেন এ বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই তার কাছে জিম্মি ছিলাম। কয়েকবার পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language